আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় পাঁচটি সংসদীয় আসনে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে সংসদীয় আসনে ব্যালট পেপারসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পাঠানো সমসাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হলো। নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্যালট পেপার বিতরণের দিন পিছানোর কারন হিসেবে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার শাহরিয়ার নজির বলেন, ব্যালট পেপার বিতরণের দিন যেদিন নির্ধারণ করা হয়েছিল, সেই দিন থেকে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে, যাঁরা ব্যালট পেপার বিতরণ করবেন, তাঁরা বলেছেন, ব্যালট পেপার বিতরণে দুই দিনের বেশি সময় লাগবে না। সে জন্য ব্যালট পেপার বিতরণ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।