সারা বিশ্বে প্রথমবার উটের জন্য পাসপোর্ট তৈরি করবে সৌদি আরব। গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পাসপোর্টের ছবি প্রকাশ করা হয়, যেখানে একটি সবুজ রঙের পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং একটি সোনালি উটের ছবি খোদাই করা আছে।
দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ নেওয়ায় প্রাণী খাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়বে বলে আশাবাদী তারা।
আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল আখবারিয়ার জানিয়েছেন, এই পাসপোর্ট উট কেনাবেচা এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। এটি মালিকানা নিশ্চিত করার পাশাপাশি মালিকদের অধিকার রক্ষা করবে। উট ব্যবসার যাবতীয় লেনদেনকে দাপ্তরিক নথির আওতায় নিয়ে আসবে। ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে উটের সংখ্যা প্রায় ২২ লাখ।
আরব উপ দ্বিপগুলোতে উট একটি অন্যতম পরিবহনের মাধ্যম ও মালিকের আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিবছর উটপ্রেমীরা লাখ লাখ ডলার খরচ করেন উটের বিশাল উৎসব ও সৌন্দর্যের জন্য।
২০২১ সালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, সৌদি আরবের পাহাড়ের গায়ে খোদাই করা ঘোড়া ও উটের ভাস্কর্যগুলো প্রায় ৭ হাজার বছরের পুরোনো।