বিনা খরচে চাকরি নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে তাদের দেশটিতে যাওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় জানাবেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন। তিন বছর মেয়াদি চুক্তিতে নবায়নের সুযোগও রয়েছে। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।
বোয়েসেল জানিয়েছে, ‘শূন্য মানে শূন্য’ নীতিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিসা ও বিমান টিকিটের খরচ বহন করছে নিয়োগকর্তা। এতে প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। সব মিলিয়ে ১১২ কর্মীর সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সাক্ষাৎকারে চূড়ান্ত হন ১১২ জন।
এদিকে মালয়েশিয়ার চার প্রতিষ্ঠান ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন থেকে বিনা খরচে আরও মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পেয়েছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, এ কর্মসূচির নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা। তাই কোনো দালাল বা ব্যক্তিকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।