সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কিছু কিশোর গ্যাং ও তাদের সহযোগীদের ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। তবে ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি এ দেশের মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের নতুন মজুরি কাঠামো প্রসঙ্গে রিজভী জানান, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। তার দাবি, নতুন এই মজুরি উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।