বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করবে দলটি। এ সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। সহিংস পরিস্থিতি মোকাবিলায় সরকার ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।
এ সময় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের জুলাই আন্দোলনের প্রশংসার বিষয়টিও তুলে ধরেন রিজভী। পাশাপাশি ভারতের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর ঢাকা দখলসংক্রান্ত কথিত বক্তব্যের নিন্দা জানিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।