পটুয়াখালীর গলাচিপায় ‘মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য’কে সামনে রেখে অনুষ্ঠিত চর চন্দ্রাইল ফুটবল টুর্নামেন্ট সিজন-৩-এর মেগা ফাইনাল আজ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনালে মুখোমুখি হবে গোলখালী একাদশ ও গজালিয়া একাদশ।
তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টে ছেলে ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফাইনাল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মো. নাইমুল ইসলাম সরদার, সাবেক আহ্বায়ক, পৌর শ্রমিক দল, গলাচিপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মো. আজাহার উদ্দিন খান, আবুধাবি প্রবাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন গাঙ্গী, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য মো. মামুন খান, মধ্য হরিদেব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সোহেল রানা, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের কবির হোসেন, সমাজসেবক খান মোশাররফ হোসেন ও মো. খোকন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের ভাষ্য, শুধু বিনোদন নয়, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আয়োজক: চর চন্দ্রাইল ফুটবল টুর্নামেন্ট কমিটি, গলাচিপা, পটুয়াখালী।