কুষ্টিয়ার সীমান্তবর্তী নদীপথ দিয়ে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আশ্রায়ন বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নদীপথে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের মোট পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।
৪৭ বিজিবি জানিয়েছে, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ অবৈধভাবে সীমান্ত পার হয়ে পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।