‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত শিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদ গলাচিপার আহ্বায়ক হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান এবং জাতীয়তাবাদী মৎস্য দল গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষি হিসেবে চরকাজল ইউনিয়নের মোহাম্মদ আলাউদ্দিন কাজী এবং সফল মৎস্যজীবী সমিতি হিসেবে সদর ইউনিয়নের পূর্ব রতনদি মৎস্যজীবী সমিতিকে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার, মা মাছ ও পোনা নিধন এবং জলাশয় ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গলাচিপায় আগামী ১৭ ও ১৮ আগস্টও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা, জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠান।