অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দীপিকাকে দেখা যাচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বার্তায় দীপিকার মুখপাত্র বলেন, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দীপিকা অভিনয় করছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
এর আগে পিঙ্কভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র’–এর অ্যাস্ট্রাভার্সের পরবর্তী অধ্যায়ে অমৃতা চরিত্রে দীপিকাকে নেওয়ার বিষয়ে আগ্রহী অয়ন মুখার্জি ও তাঁর দল। তবে দীপিকার পক্ষ থেকে দেওয়া বক্তব্যে সেই সম্ভাবনার বিষয়টি আপাতত নাকচ হয়ে গেল।
২০২২ সালে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’। সিনেমাটিতে শিবা চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর, আর ইশার ভূমিকায় ছিলেন আলিয়া ভাট। অমিতাভ বচ্চন ও নাগার্জুনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
গল্পে শিবা নামে এক তরুণ নিজের মধ্যে থাকা বিশেষ ক্ষমতা এবং শক্তিশালী অ্যাস্ট্রাদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারে। প্রথম কিস্তির শেষদিকে দেব চরিত্রকে ঘিরে রহস্য তৈরি করা হয়, যা পরবর্তী সিনেমার গল্পের ভিত্তি তৈরি করেছে।
এর আগে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন, অয়ন মুখার্জি চিত্রনাট্য ও ভিজ্যুয়াল ইফেক্ট নিয়ে বড় পরিকল্পনা করছেন। তবে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর বর্তমান কাস্টে দীপিকা পাড়ুকোন থাকছেন না বলেই তাঁর মুখপাত্রের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে।