বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ ব্যয়ের কোনো আগ্রহ সরকারের নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, “একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ ব্যয়ের মানসিকতা এই মুহূর্তে সরকারের নেই।”
ব্রাজিল সফরের খরচ বহনের বিষয়ে তিনি বলেন, “এক কথায় বললে, এই মুহূর্তে সরকার এ ধরনের অর্থ ব্যয় করতে আগ্রহী নয়। আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বড় অঙ্কের ব্যয় বহন করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “এ অবস্থায় শুধু একটি ম্যাচকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এ ধরনের অর্থ ব্যয় করার মানসিকতা আমাদের নেই। বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।”
বাংলাদেশে ব্রাজিল দল এলে দেশের ফুটবলের কী লাভ হবে—এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ব্রাজিল দল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে সেটি বাংলাদেশের জন্য বড় একটি অর্জন হবে।
তিনি বলেন, “ম্যাচ হবে, বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে—এতে মানুষের যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। দর্শকরা আনন্দিত হবেন। তবে ব্রাজিল দল খেলতে এলে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।”
এ সময় তিনি জানান, ব্রাজিল দলের বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত বা স্পষ্ট নয়। তবে স্পনসরদের মাধ্যমে ম্যাচ আয়োজনের উদ্যোগ সফল হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।