দেশের চলমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গ্যাস সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জানিয়ে জাহেদ উর রহমান বলেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, জ্বালানি খাতে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আনতে সময় লাগলেও এর অর্থ এই নয় যে, এই সময়জুড়ে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। বরং ধীরে ধীরে সংকট কাটিয়ে আগের চেয়ে ভালো অবস্থায় যাওয়ার চেষ্টা চলছে।
গ্যাস সংকটের পেছনে ব্যবস্থাপনার কিছু দুর্বলতা থাকলেও যুদ্ধ পরিস্থিতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের দুই বছরে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের তেমন উদ্যোগ নেওয়া হয়নি।
জ্বালানি সংকট দ্রুত কাটানো সম্ভব হলে দেশে নতুন বিনিয়োগ বাড়বে এবং বন্ধ হয়ে থাকা কারখানাগুলোও পুনরায় চালু হবে বলে আশাবাদ জানান তিনি। এ ছাড়া সিপিডির প্রকাশিত প্রতিবেদনটি সরকার যাচাই-বাছাই করবে বলেও জানান জাহেদ উর রহমান।