বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্টের বিরুদ্ধে বড় নির্দেশ দিয়েছে দিল্লির উচ্চ আদালত। আদালত স্পষ্টভাবে জানান, অভিনেত্রীর অনুমতি ব্যতীত তার কোনো ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না।
জানা যায়, সম্প্রতি ‘পর্নোগ্রাফিক কন্টেন্ট’-এর শিকার হওয়ায় দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন জাহ্নবী কাপুর। অশ্লীল কন্টেন্ট তৈরি করা ফ্যান পেজগুলি অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বাকস্বাধীনতা ও অধিকার রক্ষার্থে জাহ্নবীর নামে থাকা ফ্যান পেজ বা অনলাইন কনটেন্ট গুলো বন্ধ করে দেওয়ার আবেদন মেনে নেয়নি আদালত।
মামলার শুনানিতে অভিনেত্রী কিছুটা স্বস্তি পেলেও একটি বড় ধাক্কাও সামলাতে হয়েছে তাকে। অভিনেত্রীর অভিযোগ, একাধিক ওয়েবসাইট ও সমাজমাধ্যমে তার নাম, ছবি ও পরিচয় অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট, এআই-নির্মিত ছবি, ডিপফেক, ভুয় পরিচয় ব্যবহারকারী অ্যাকাউন্ট এবং তার পরিচয়কে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। মামলায় ৫,০০০-এর বেশি ওয়েবপেজ ও পোস্টের লিঙ্কের তালিকা জমা দেওয়া হয়েছে। তবুও আদালত ফ্যান পেজগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করতে চায়নি ।
আদালতের বক্তব্য, কোনো আলোকচিত্রীর তোলা ছবি অন্য কেউ বিক্রি করলে সেখানে কপিরাইটের আলাদা জটিলতা থাকতে পারে, কিন্তু সেখানে তারকা রয়েছেন বলেই তা সরাসরি বে-আইনি বলা চলে না।