বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ।

বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য মোকাবিলা, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাঁরা সহযোগিতা করতে চান। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহও জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন স্টিফেন রড্রিগেজ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন হলেও বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে অবকাঠামো নির্মাণ করতে চায় না সরকার।

পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে নাগরিক অধিকার, সংঘাত ও বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে ইউএনডিপির প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। পাশাপাশি গুজব ও অপতথ্য মোকাবিলায় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রস্তাব দেয় সংস্থাটি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটি পাস হওয়ার আশা করা হচ্ছে। একই সঙ্গে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে ইউএনডিপি সহযোগিতা করতে আগ্রহী বলে জানান সংস্থাটির আবাসিক প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com