দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রতিদিন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই খুন, হত্যা ও নানা ধরনের অপরাধের খবর সামনে আসছে।
এমন পরিস্থিতি নজরে এসেছে অভিনেত্রী জাকিয়া বারী মমেরও। সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
অভিনেত্রীর এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া অপরাধ ও সহিংসতার খবরের বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে জনপ্রিয় ভারতীয় অপরাধবিষয়ক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’-এর তুলনা টেনেছেন তিনি।
‘ক্রাইম পেট্রোল’ ভারতের অন্যতম জনপ্রিয় অপরাধবিষয়ক টেলিভিশন সিরিজ। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকের বিভিন্ন পর্বে খুন, হত্যা, প্রতারণা ও অন্যান্য অপরাধের ঘটনা তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপরাধ ও সহিংসতার খবর দেখতে দেখতে সেই ‘ক্রাইম পেট্রোল’-এর কথাই মনে পড়ছে বলে মন্তব্য করেছেন মম। একই সঙ্গে সবাইকে নিরাপদ থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন এই অভিনেত্রী।