বহুল আলোচিত বিজয় সালগাঁওকর ও তার পরিবারের গল্প এবার পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত অধ্যায়ে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’।
সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি এটি। আগের দুই পর্বে পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, রহস্য ও নানা নাটকীয়তা দর্শকদের মুগ্ধ করেছে। এবার চূড়ান্ত পর্বে সেই রহস্যের পর্দা কতটা উন্মোচিত হয়, সেটিই দেখার অপেক্ষা।
অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটিতে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত ও কমলেশ সাওয়ান্ত। নতুন করে এই কিস্তিতে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।
ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালের ‘দৃশ্যম ২’ আগের সাফল্যকে ছাড়িয়ে প্রায় ৩৪২ কোটি রুপি ব্যবসা করে। তাই তৃতীয় কিস্তি ঘিরেও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। এখন দেখার বিষয়, বিজয় সালগাঁওকরের শেষ গল্প বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে।