বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে অভিনেতা ও প্রযোজক ফারহান আখতারের বিরোধ এবার আদালত পর্যন্ত গড়ানোর পথে। সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণে প্রযোজকদের দাবি করা ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন রণবীর। একই সঙ্গে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এর মধ্যস্থতাতেও রাজি নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে বৈঠকে বসেছিলেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। বৈঠকের পর রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যানের পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রণবীরের আইনজীবীদের দাবি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার কেবল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। ‘ডন ৩’ নিয়ে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি বলেও দাবি করেছেন তারা।
২০২৩ সালে নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্য ও সৃজনশীল বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধের কারণে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা।
এরপর রণবীরের সরে দাঁড়ানোর কারণে আর্থিক ক্ষতির অভিযোগ তুলে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি তার কাছে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। সেই বিরোধ মেটাতে ইম্পার মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হলেও রণবীরের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
এ অবস্থায় দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে পারে বলে জানিয়েছে রণবীরের আইনি দল। ফলে ‘ডন ৩’ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার পাশাপাশি রণবীর ও প্রযোজকদের এই আইনি বিরোধও এখন নতুন মাত্রা পেল।