বাংলাদেশ ও ভারতের দুই বাংলার রুপালি পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও তার রয়েছে ভিন্ন এক পরিচয়। প্রকৃতি ও সবুজের প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়ির বাগানে নিয়মিত সবজি, ফল ও ফুল চাষ করেন এই অভিনেত্রী। এবার নিজের হাতে ফলানো ফসল তোলার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
গত কয়েক বছর ধরে বাড়ির চারপাশের জায়গায় নানা ধরনের শাকসবজি, ফল ও ফুলের চাষ করছেন জয়া। এর আগেও তিনি জানিয়েছেন, বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই নিজেদের বাগান থেকেই সংগ্রহ করেন। ফলে বাজার থেকে সবজি-ফল কেনার প্রয়োজনও অনেকটা কমে গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগান থেকে তোলা বেশ কিছু ফসলের ছবি প্রকাশ করেছেন জয়া। ছবিতে দেখা যায়, বড় দুটি ওল কচু, বেশ কয়েকটি পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল। টাটকা সবজি ও ফুলগুলোতে ফুটে উঠেছে বাগানের সতেজতার ছাপ।
ছবিগুলোর সঙ্গে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’
নিজের হাতে লাগানো ফসল ফলাতে পারার আনন্দ ও তৃপ্তিও প্রকাশ পেয়েছে তার কথায়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও প্রকৃতির কাছাকাছি থেকে এমন সাধারণ জীবনযাপনের ছবি ভক্তদের নজর কেড়েছে। জয়ার সবুজপ্রেম ও নিজের হাতে বাগান করার এই অভ্যাসের প্রশংসা করছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।