দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ৫ আগস্টের পর দলের পরিচয় ব্যবহার করে যারা অনিয়ম ও অপকর্মে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছেন। নেতাকর্মীদেরও দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কারণে দলটি মানুষের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেওয়া নতুন কর্মসূচিগুলোও জনগণের মধ্যে সাড়া ফেলেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিভিন্ন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে কোনো সরকারই ব্যর্থ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রতীকে ভোট না হওয়ায় ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের সমর্থন দেবেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের সেই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।