২০২২ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ খ্যাপাটে গেমার-ডিটেকটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর কারণে সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছিল।
সেই সাফল্যের পর ২০২৩ সালের জানুয়ারিতে ‘কাইজার: লেভেল টু’ নির্মাণের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ। তবে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সিক্যুয়েলটির কাজ শুরু হয়নি।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন নির্মাতা তানিম নূর। সেখানে তরুণ নির্মাতাদের মেধাস্বত্ব বা আইপি রাইটস নিজেদের কাছে রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি।
তানিম বলেন, কোনো গল্প বা চরিত্রের স্বত্ব নির্মাতার হাতে থাকলে সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বজায় থাকে। পাশাপাশি ভবিষ্যতে সেই গল্প থেকে রয়্যালটি পাওয়ার সুযোগও থাকে।
পোস্টের মন্তব্যে এক দর্শক ‘কাইজার ২’ নির্মাণের দাবি জানালে তানিম নূর জানান, তিনি আর ‘কাইজার’ নির্মাণ করবেন না। একাধিকবার সিক্যুয়েলটি করার চেষ্টা করলেও কপিরাইট নিজের কাছে না থাকায় তা সম্ভব হয়নি।
তার ভাষ্য, কপিরাইট নিজের কাছে থাকলে এত দিনে ‘কাইজার ২’, ‘কাইজার ৩’ এমনকি সিনেমাও নির্মাণ হয়ে যেত।
‘কাইজার’-এর পর গত দুই বছরে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। দুটি সিনেমাই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। বর্তমানে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন এই নির্মাতা।