বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
কেভিন জানান, শাহরুখ খানকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের বিষয়ে তাঁর সঙ্গে অভিনেতার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় কিছু সাময়িক জটিলতার কারণে সেই পরিকল্পনা আর এগোয়নি।
তবে ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে আবারও কাজ করার আশা ছাড়েননি কেভিন। তাঁর বিশ্বাস, হয়তো কোনো এক সময় শাহরুখ নিজেই এ বিষয়ে নতুন করে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।
শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহের কথা জানিয়েছেন কেভিন। বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার।
সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’ নির্মাণ করেছেন তিনি।
প্রামাণ্যচিত্রের পাশাপাশি আবারও বাণিজ্যিক সিনেমায় ফিরছেন কেভিন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।