২০২৩ সালে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার’। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘জেলার ২’। নির্মাতা নেলসন দিলীপকুমারের সিনেমাটি ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা।
প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী উৎসব ওনমের আবহে নির্মিত গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
গানটি প্রকাশের পর দর্শকদের বিশেষ নজর কেড়েছেন অভিনেত্রী শামনা কাসিম। রজনীকান্তের সঙ্গে তার নাচ প্রশংসা পাচ্ছে। গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শামনাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
কেরালার কান্নুরে জন্ম নেওয়া শামনা ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পোলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে মালায়ালাম, তেলুগু ও তামিল ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।
‘জেলার ২’-এ ‘আলা বোলেলো’ গানটির মাধ্যমে নতুন করে দর্শকদের সামনে এসেছেন শামনা। গানটিতে রজনীকান্তের সঙ্গে তার পারফরম্যান্সই এখন সিনেমাটির প্রচারণায় অন্যতম আলোচনার বিষয়।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জেলার ২’। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। অতিথি চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে।