লাল রঙের স্ট্র্যাপলেস গাউনে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। মায়াবী চেহারা, মিষ্টি হাসি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এবার ফ্যাশন স্টেটমেন্টেও নিজের আলাদা রুচির পরিচয় দিলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের কয়েকটি চোখধাঁধানো ছবি শেয়ার করেছেন রাকুল। ছবিতে তাঁকে দেখা গেছে দারুণ আকর্ষণীয় একটি লাল গাউনে। গাউনটির ওপরের অংশ ছিল সুগঠিত, আর কোমরজুড়ে ছিল বড় ফিতার নকশা, যা পোশাকটিতে যোগ করেছে বাড়তি আভিজাত্য।
গাউনের সঙ্গে রাকুলের সাজও ছিল বেশ পরিমিত। পরিচ্ছন্ন হেয়ারস্টাইল, উজ্জ্বল ত্বক, চোখের স্পষ্ট রূপটান ও হালকা রঙের লিপস্টিক তাঁর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। লাল গাউনের সঙ্গে মেকআপের এই ভারসাম্য তাঁর সাজে এনে দিয়েছে হলিউড গ্ল্যামারের ছোঁয়া।
ছবিগুলো শেয়ার করে লাল রঙের একটি হার্ট ইমোজি দিয়ে রাকুল ক্যাপশনে লিখেছেন, ‘রেড-ই এনাফ, আই’ড সে’।
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন রাকুল প্রীত সিং। বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করে তিনি অর্জন করেছেন জনপ্রিয়তা।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ‘পতি পত্নী অর ওহ দো’। মুদাসসার আজিজ পরিচালিত এই রোমান্টিক কমেডি সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলি খান।