দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৪৯ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।