মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহ শেষ না হতেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা।
‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে প্রায় ৭ কোটি ডলার। মুক্তির প্রথম ১৭ দিনে অঞ্চলটিতে এর মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার।
এই আয়ের মধ্য দিয়ে সিনেমাটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর ৭৮ কোটি ৫২ লাখ ডলারের আয়কে ছাড়িয়ে উত্তর আমেরিকার সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।
এদিকে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় এখন ২ দশমিক ০২২ বিলিয়ন ডলার। বক্স অফিসের ইতিহাসে মুক্তির তৃতীয় সপ্তাহে আয়ের দিক থেকেও এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।