বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ নিয়ে এলো নতুন খবর। দীর্ঘ ১৮ বছর পর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতোমধ্যে ‘জান্নাত ৩’-এর গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক বিশেষ ভাট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেন বিশেষ ভাট। তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর কাজের পর ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে সিনেমাটির চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে গল্প ও স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পায় ‘জান্নাত’। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত এই রোমান্টিক ক্রাইম ড্রামায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন সোনাল চৌহান। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে সিনেমাটির গানগুলো আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
প্রথম কিস্তির সাফল্যের চার বছর পর, ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত এই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।
এবার প্রায় দেড় দশক পর আবারও ফিরতে যাচ্ছে ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজি। তৃতীয় কিস্তিতে ইমরান হাশমির চরিত্র কীভাবে হাজির হবে, গল্পে কী নতুন মোড় থাকবে কিংবা নতুন কোনো মুখ যুক্ত হবে কি না—এসব নিয়েই এখন দর্শকদের কৌতূহল। নির্মাতাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিলে ‘জান্নাত ৩’ যে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে, তা বলাই যায়।