দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বিয়েতে ছিল না বড় কোনো আয়োজন, বিলাসবহুল ভেন্যু কিংবা তারকায় ঠাসা অতিথি সমাবেশ। বরং পরিবারের সদস্যদের নিয়েই নিজেদের বাড়িতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছেন, কেন তারা এমন সাদামাটা আয়োজন বেছে নিয়েছেন। তিনি বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল রাজকীয় আয়োজনে বিয়ে করার। দুর্গ, বিলাসবহুল গাড়ি, দীর্ঘ বিয়ের পোশাক ও হীরার মুকুট—সবই ছিল তার কল্পনার অংশ।
তবে বয়স ও সময়ের সঙ্গে বদলে গেছে সেই ভাবনা। এখন জর্জিনার কাছে জাঁকজমকের চেয়ে সঙ্গী রোনালদো ও সন্তানদের সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
জর্জিনা জানান, তাদের বাড়ির যে জায়গায় বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে পরিবারের সবাই প্রতিদিন একসঙ্গে খাবার খান। জায়গাটির সঙ্গে তাদের পারিবারিক জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভবিষ্যতে সন্তানরা যেন বলতে পারে, ‘এই টেবিলেই আমাদের বাবা-মা বিয়ের শপথ নিয়েছিলেন’—এমন একটি স্মৃতি তৈরি করতেই ঘরের বসার জায়গাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন তিনি।
জর্জিনার ভাষ্য, বিলাসবহুল ভেন্যু, ব্যক্তিগত দ্বীপ কিংবা দামি গাড়ি—এসব তাদের নাগালের বাইরে নয়। কিন্তু পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতে কাটানো এমন একটি ব্যক্তিগত ও আবেগঘন মুহূর্তই তাদের কাছে বেশি বিশেষ।
জাঁকজমকের পরিবর্তে পরিবারের স্মৃতি ও ভালোবাসাকে প্রাধান্য দিয়ে রোনালদো-জর্জিনার এই বিয়ে তাই ভক্তদের কাছেও পেয়েছে আলাদা আকর্ষণ।