জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে আকস্মিক মৃত্যু হলো ‘হিরোজ’ ও ‘স্ক্রিম’খ্যাত এই অভিনেত্রীর।
স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর প্রতিনিধি। তবে এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
হেইডেনের প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন অসাধারণ প্রাণশক্তি ও উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। ব্যক্তিগতভাবে যারা তাকে চিনতেন এবং পর্দায় দেখেছেন, এমন অসংখ্য মানুষের জীবনে তিনি ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’-এ জীবনের নানা কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছিলেন হেইডেন। শিশুশিল্পী হিসেবে কাজ করার সময়কার মানসিক চাপ, আসক্তির সঙ্গে লড়াই এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা উঠে আসে বইটিতে। পাশাপাশি সাবেক সঙ্গী ও বক্সার ভ্লাদিমির ক্লিচকোর কাছে মেয়ের পূর্ণ অভিভাবকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি।
১৯৯৬ সালে অভিনয়জীবন শুরু করেন হেইডেন। পরে ‘আ বাগস লাইফ’-এ ‘ডট’ চরিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’-এর মতো সিনেমায় অভিনয় করেন।
তবে ‘হিরোজ’ সিরিজে অভিনয় করেই বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান হেইডেন প্যানেটিয়ের। সিরিজটিতে অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটির জনপ্রিয় সংলাপ—‘চিয়ারলিডারকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও’—দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
মাত্র ৩৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে তার ভক্ত ও সহকর্মীরা।