নেপালি সিনেমা ‘উনকো সোয়েটার’-এর সাফল্যের পর এবার আসছে গল্পের নতুন অধ্যায় ‘কালিজি-উনকো সোয়েটার’। প্রযোজনা প্রতিষ্ঠান আর্টমান্ডুর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করবেন নবীন চৌহান।
২০২৫ সালের মে মাসে মুক্তির পর থেকেই ‘উনকো সোয়েটার’ নেপালসহ বিভিন্ন দেশে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা, প্রতিক্রিয়া ও বিশ্লেষণ।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘কালিজি-উনকো সোয়েটার’ সরাসরি সিক্যুয়েল নয়। বরং আগের সিনেমার চরিত্রগুলোর জীবনের নতুন একটি অধ্যায় উঠে আসবে এতে। অসমাপ্ত আবেগ ও সম্পর্কের গল্প এবার আরও বিস্তৃতভাবে দেখানো হবে।
নতুন সিনেমায় আগের মতোই প্রধান চরিত্রে থাকছেন বিপিন কারকি ও মিরুনা মাগার। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন ভারতের গুণী অভিনেতা পিয়ুশ মিশ্রা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, ‘উনকো সোয়েটার’ সিনেমায় নেপালের পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার পাশাপাশি তুলে ধরা হয়েছিল এক অসম্পূর্ণ ভালোবাসার গল্প। সেই গল্পের আবেগকে নতুনভাবে সামনে আনতেই তৈরি হচ্ছে ‘কালিজি-উনকো সোয়েটার’।