বলিউডের ‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন এই অভিনেত্রী। গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে প্রায় এক মাস পর।
গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অনন্যার মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। সেখানে লেখা হয়, “অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে, গত ১৫ জুলাই ভোরবেলা আমাদের অনন্যা চলে গেছে। ও ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেছে।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর আগে এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। দীর্ঘ এই লড়াইয়ের পর অবশেষে ঘুমের মধ্যেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে, অনন্যার পরিবার এই কঠিন সময়ে অনুরাগীদের কাছে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি পরিবারকে কিছুটা ব্যক্তিগত সময় দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
২০১৬ সালে ‘৭ আওয়ারস টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা রাজের। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
শুধু বলিউডেই নয়, দক্ষিণী সিনেমাতেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছিলেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার সাসপেন্স-থ্রিলার ‘থাগগেদে লে’-তে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এছাড়া ‘মাদ্রাজ গ্যাং’ নামের একটি সিনেমাতেও তার অভিনয় করার কথা ছিল।
মাত্র ২৭ বছর বয়সে অনন্যার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।