গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে পরিস্থিতি আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে কিছুটা সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণই সন্তুষ্টি বা অসন্তুষ্টির চূড়ান্ত মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিতে গত ১৮০ দিনে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময়ে বিভিন্ন সংস্কার কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বিভিন্ন বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলার পাশাপাশি জনকল্যাণে নানা পদক্ষেপ নিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয়ে সময় দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি গ্যাস সংকট সমাধানে মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন এবং একাধিক নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের গ্যাসের আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ, অফশোর ও অনশোর এলাকায় নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
সামাজিক নিরাপত্তার বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে। বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন, ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের জন্যও নেওয়া হয়েছে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের পর্যাপ্ত ও নিরাপদ মজুত গড়ে উঠেছে। সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অর্জনের সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে।