একটি সিনেমায় অভিনয়ের জন্য আগে কোটি কোটি রুপির মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন বলিউডের তারকারা। তবে সেই প্রচলিত ধারায় এখন পরিবর্তন আসছে। এককালীন মোটা অঙ্কের পারিশ্রমিকের পরিবর্তে সিনেমার লভ্যাংশ ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির স্বত্ব (আইপিআর)-এর অংশীদার হওয়ার পথে হাঁটছেন অনেক তারকা।
এবার সেই একই পথে হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ তথ্য বলছে, এককালীন সেই বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।
এই মডেলে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি অংশ পাবেন শ্রদ্ধা। সিনেমাটি ব্যবসাসফল হলে এই পদ্ধতিতে তার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ তারকারাও নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লভ্যাংশে অংশ নেওয়ার মডেলের দিকে ঝুঁকছেন।
এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
অন্যদিকে, অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন—এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।