সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে দলে ভিড়িয়েছে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তাকে। ২৫ বছর বয়সী এই তারকা এখন থেকে ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন।
রোববার (৮ আগস্ট) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল নাসর ও কস্তার সাবেক ক্লাব মায়োর্কা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল নাসর লিখেছে, ‘রোমাঞ্চকর এক যাত্রার শুরু। সামু পৌঁছেছে, আপনাদের জন্য লড়তে।’
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন কস্তা। জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছিল তার।
ক্লাব ফুটবলে এবারই প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে খেলবেন কস্তা। তার যোগদানে আল নাসরের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।
রোনালদোর অভিজ্ঞতার পাশাপাশি কস্তার তারুণ্য ও দক্ষতা আল নাসরের মাঝমাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে তাই তার অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখছে ক্লাবটি।