নেপালের মনোরম পরিবেশে চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং। শুটিং শুরুর আগে সম্পন্ন হয়েছে সিনেমাটির মহরতের আনুষ্ঠানিকতা।
সিনেমার মঙ্গল কামনায় প্রথমেই দোয়া করেন অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নিয়ম অনুযায়ী নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
সব আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান নির্মিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমা ‘শিকার’-এর দৃশ্যধারণের কাজ।
শুটিংয়ের প্রথম দিন সেটে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি এবং ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যসহ সিনেমাটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির গল্প প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “নির্মাতা যখন গল্পটি নিয়ে আসেন, তখনই আমি রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের সুযোগ আছে। আর এই সিনেমার মাধ্যমে নতুন একজন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হচ্ছে। বিষয়টি নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, সিনেমাটির গল্প দর্শকদের ভালো লাগবে।”
এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মুর্তজা পলাশের। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।