দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারও বড় পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই নতুন সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার মধ্যে আন্তরিক আলাপচারিতায় উঠে আসে ববিতার সিনেমায় ফেরার প্রসঙ্গ।
শাকিব খান ববিতাকে আবারও সিনেমায় কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, তার সঙ্গে আরও কাজ করতে চান তিনি। জবাবে ববিতা জানান, উপযুক্ত গল্প, নিজের ও শাকিবের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র এবং চ্যালেঞ্জিং কোনো কাজের সুযোগ পেলে তিনি পর্দায় ফিরবেন।
ববিতা বলেন, “সে রকম গল্প নিয়ে আসো, যেখানে আমাদের দুজনেরই কিছু করার থাকবে, চ্যালেঞ্জিং চরিত্র থাকবে। তাহলে আমি কাজ করব।”
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। এখন নতুন কোনো গল্পে আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে কি না, তা নির্ভর করছে উপযুক্ত চিত্রনাট্য ও চরিত্রের ওপর।