আর্সেনালে ব্রুনো গুইমারেসের যোগ দেওয়ার অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে পারে। নিউক্যাসল ইউনাইটেডের কৌশলগত সিদ্ধান্তের কারণে দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে গেছে।
ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদের তথ্য অনুযায়ী, গুইমারেসের দলবদল নিয়ে আর্সেনাল ও নিউক্যাসলের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে। ট্রান্সফার ফি নিয়েও কোনো সমস্যা নেই। তবে চুক্তির তথ্য আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় নিউক্যাসল অসন্তুষ্ট হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ধীরগতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিউক্যাসলের পরিকল্পনা ছিল—গুইমারেসের বিদায় এবং তার বিকল্প খেলোয়াড়ের আগমন একসঙ্গে ঘোষণা করা। কিন্তু নির্ধারিত সময়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এরই মধ্যে নিউক্যাসলের প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এখন অপেক্ষা শুধু দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার।