বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও গভীর করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে বাংলাদেশ বড় পরিসরে কাজ করছে এবং এ খাতে সৌদি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী সৌদি আরব। প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিভিত্তিক শিল্প, সি-ফুড, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
বৈঠক শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।