ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, পেজেশকিয়ান দায়িত্ব ছাড়ছেন না এবং তিনি তার কাজ চালিয়ে যাবেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, কিছু চরমপন্থি গোষ্ঠী মিথ্যা প্রচারণার মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
এর আগে, ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজির একটি মন্তব্যের পর পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেছিলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন—পেজেশকিয়ান আবার পদত্যাগ করতে চাইলে তা গ্রহণ করা হতে পারে। পরে এই বক্তব্য ইরানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে বিবিসি ফার্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান জানান, তিনি পদত্যাগ করবেন না এবং দায়িত্বে অবিচল থাকবেন। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সামরিক বাহিনীর নিয়মিত যোগাযোগ রয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, চলমান পরিস্থিতি ও যুদ্ধসংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্টের বিস্তারিত বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও এবং লিখিত বিবরণ শিগগির প্রকাশ করা হবে।