মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর ফুটবল ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে তুরস্কের ক্লাব ট্রাবনস্পর।
তুরস্কের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ইয়াগিজ সাবুনচুওলুর দাবি, দুই বছরের চুক্তিতে সালাহকে প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪১ কোটি টাকা।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ট্রাবনস্পরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি। মূল বেতনের পাশাপাশি জার্সি বিক্রির আয়ের ২০ থেকে ২৫ শতাংশ ভাগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
এর আগে লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গত মার্চে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন সালাহ। এরপর তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল তুরস্কের আরেক ক্লাব বেসিকতাস, তবে শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি।
তুর্কি সুপার লিগের শিরোপাজয়ী ট্রাবনস্পর বর্তমানে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে। সেই লক্ষ্যেই সালাহকে দলে টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।