যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১ শতাংশ বেড়ে ৮১ দশমিক ১১ ডলারে উঠেছে।
এর আগে, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা স্থগিতের কথা জানানোর পর বাজারে স্বস্তি ফিরেছিল এবং তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে যায়। তবে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আবারও দাম বাড়তে শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাই তেলের বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় যেকোনো অস্থিরতা সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। ওমানের আল খাসাব উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।