যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরান মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অনাগ্রহ দেখানোর খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১৩ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাই তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রধান কারণ।
এর আগে, সংঘাত কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই বড় ধরনের পতনের মুখে পড়ে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম।