দেশে জ্বালানি তেলের নতুন মূল্যহার কার্যকর হয়েছে আজ (১ জুন) থেকে। নতুন নির্ধারিত দামে পেট্রোল, অকটেন ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে, তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা প্রতি লিটার বহাল রয়েছে।
সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে মাসভিত্তিক মূল্য সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মে মাসে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৪০, ১৩৫ ও ১৩০ টাকা ছিল। নতুন সিদ্ধান্তে এই তিন ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেল।