ভারতে পালানোর সময় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে যশোর পুলিশ। বুধবার ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশের অনুরোধে যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল ১০টার দিকে আটক চারজনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে,, সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যেই তারা যশোরে অবস্থান করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। একসময় তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তী সময়ে ওই গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিতি পান। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির অভিযোগেও ডেভিড ইমনের নাম উঠে আসে। ওই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ ও র্যাব অভিযান শুরু করে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেফতারের মাধ্যমে ওই চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।