দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২ শিশু।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪৯ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৭৪২ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ২১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮১৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৮৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ সাত হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার চারজনের। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯০ হাজার ৫২২ জন, যাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।