বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামনে আসে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে অন্যদের কটাক্ষ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণ।
ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি নিজেও ব্রাজিল ফুটবল দলের সমর্থক হওয়ায় ঘটনাটি তাকে ব্যথিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে অপূর্ব সবাইকে খেলাকে শুধুমাত্র বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জীবনের মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অপূর্ব লেখেন, “ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে আত্মহত্যা করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। খবরটি দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা যেন জীবনের চেয়ে বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটি খেলা।”
তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে ট্রল বা কটাক্ষ স্বাভাবিক বিষয় হলেও সেটি যেন সীমা অতিক্রম না করে। অপূর্বর ভাষায়, “অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করা বন্ধ করুন। আপনার কাছে এটি হয়তো মজা, কিন্তু অন্য কারও জন্য তা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।”
তিনি আরও লিখেছেন, “একটি দল হারলে আবার জিতবে। আজ ট্রফি না পেলে সামনে আবার সুযোগ আসবে। কিন্তু একটি জীবন চলে গেলে সেটি আর ফিরে আসে না।”
জানা গেছে, ঘটনাটি ঘটে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়। নিহত তরুণ রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।