মাতৃত্বকালীন বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকার পর নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সিনেমাটির নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে আগামী সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
নির্মাতা বলেন, বুবলী বর্তমানে সন্তান ও নিজের যত্নে কিছুটা সময় দিচ্ছেন। তাই এর মধ্যে সিনেমার অন্যান্য অংশের কাজ শুরু করা হবে।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর গল্পে উঠে আসবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্কের কাহিনি। সিনেমায় বাংলা ভাষার পাশাপাশি উর্দু সংলাপেও দেখা যাবে বুবলী ও আদরকে।