২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে ম্যাচের আগে নিজের প্রিয় দল আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।
জানা গেছে, নিজের ফেসবুক পোস্টে ‘খোঁজ—দ্য সার্চ’ সিনেমার এই অভিনেত্রী লিখেছেন, “আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।”
বর্ষার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার অনেক অনুসারী এই ভাবনার সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত না করাই ভালো।
২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। এরপর স্বামী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত বছর অভিনয় থেকে বিরতি নিয়ে ইসলামী জীবনধারা অনুসরণের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী দম্পতি।
পরে সিদ্ধান্ত পরিবর্তন করে হাতে থাকা সিনেমার কাজ শেষ করার কথা জানান তারা। চলতি বছর বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে বর্ষাকে। সামনে ‘কিল হিম ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচ। দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।