ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ওপর দেশের নির্ভরতা সম্পূর্ণভাবে শেষ করার পরিকল্পনা রয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের অর্থনীতি এখন এতটাই শক্তিশালী যে ভবিষ্যতে নিজেদের ব্যয় নিজেরাই সামলাতে সক্ষম হবে। তার দাবি, ইসরায়েলের জিডিপি শিগগিরই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে, ফলে আগামী বছর থেকেই অধিকাংশ আর্থিক চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করা সম্ভব হবে।
নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা এক ধাপে নয়, বরং ধীরে ধীরে কমিয়ে আগামী ১০ বছরের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে উল্লেখ করেন।
২০১৬ সালে দুই দেশের মধ্যে হওয়া ১০ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় ৩৮ বিলিয়ন ডলারের সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের অভিযোগ, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করেনি।