আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার ৩৯তম জন্মদিনের একদিন আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন।
শাপুর জাদরানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় এসিবি জানায়, দেশের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে শাপুর ছিলেন অন্যতম অগ্রদূত। আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দলের উত্থানে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করে জানায়, “গভীর দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন দেশের ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।”
জানা গেছে, দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল রোগে ভুগছিলেন শাপুর জাদরান। গত বছরের অক্টোবরে তিনি প্রথম অসুস্থ হয়ে পড়েন। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তিনি। গত কয়েক মাস ধরে দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর জাদরান। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থানের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই খেলেছেন এই বাঁহাতি পেসার।
গতি, আগ্রাসী বোলিং এবং প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ তৈরি করার সামর্থ্যের জন্য পরিচিত ছিলেন শাপুর জাদরান। আফগান ক্রিকেটের ইতিহাসে তার অবদান দীর্ঘদিন স্মরণ করা হবে।