২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকে সামনে রেখে নতুন করে ভিসা জটিলতায় পড়েছে ইরান। দেশটির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা আবেদন প্রথমে বাতিল করা হয়। পরে পুনরায় আবেদন করলে মাত্র চারজন ভিসা অনুমোদন পান। বাকি ১১ জন এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছেন।
ইরান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়া চারজনের মধ্যে রয়েছেন দলের একজন বিশ্লেষক এবং ফেডারেশনের আন্তর্জাতিক বিভাগের দুই কর্মকর্তা। অন্যদিকে, পুনরায় আবেদন করেও ভিসা পাননি ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, একজন সহসভাপতি, দুইজন টিম অ্যাডমিনিস্ট্রেটর, একজন মিডিয়া কর্মকর্তা এবং একজন নিরাপত্তা কর্মকর্তা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরান তাদের বিশ্বকাপ প্রস্তুতি শিবির যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করেছে। সেখান থেকেই দলের কর্মকর্তারা নতুন করে ভিসার আবেদন করেন।
বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ২৬ জুন খেলবে মিশরের বিপক্ষে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত গ্রুপ পর্বের টিকিট কোটাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সমর্থকদের মাঠে উপস্থিতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিফা।
অন্যদিকে, গত সপ্তাহে ইরান অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাকরুম স্টাফকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, খেলোয়াড়দের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।