চলতি বিশ্বকাপে ক্যারিয়ারের ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে তিনি আবারও বিশ্বমঞ্চে নামতে প্রস্তুত।
জানা গেছে, পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন হিউস্টনে উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল।
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শিরোপা নিয়ে বড় কোনো প্রতিশ্রুতি না দিয়ে ধাপে ধাপে এগোনোর ওপর গুরুত্ব দিয়েছেন রোনালদো। তিনি বলেন, শুরুতেই ভালো পারফরম্যান্স এবং গ্রুপে শীর্ষে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে এগোতে হবে, সবকিছু জয়ের প্রত্যাশা নিয়ে নয়।
তার মতে, টুর্নামেন্টের কঠিন মুহূর্তগুলোতে মানসিক ও শারীরিক চাপ সামলে টিকে থাকাই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয়।
উল্লেখ্য, এটি পর্তুগালের নবম বিশ্বকাপ অংশগ্রহণ। এর আগে ১৯৬৬ সালে তৃতীয় এবং ২০০৬ সালে চতুর্থ স্থান অর্জন করে দলটি। ২০০৬ বিশ্বকাপেই রোনালদোর অভিষেক ঘটে।
পরবর্তীতে ২০১৬ সালে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে, যা ছিল রোনালদোর ক্যারিয়ারের বড় অর্জনগুলোর একটি। আর ২০২২ বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে উঠলেও মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়।